Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে বাজল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

admin • 07 Mar 2026, 01:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির দৃশ্যপট থেকে নিস্ক্রিয় ভূমিকায় চলে যেতে হয় আওয়ামী লীগকে। কারণ, বিগত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়। এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণের পর দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করে। সারা দেশের বিভিন্ন এলাকায় অফিস খুলে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যাচ্ছে দলের নেতাকর্মীদের।

এর মধ্যেই এবার নওগাঁয় বাজতে শোনা গেল স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। জেলা আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে (৭ মার্চ) শনিবার হঠাৎ বেজে ওঠে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম; জয় বাংলা।’

জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছেড়েছেন। ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তৃতীয় তলায় ছোট্ট একটি মাইকে প্রচার হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ। ২০২৪ সালের ৫ আগস্ট কার্যালয়টি ভাঙচুর করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

তবে এদিন দলের কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। যদিও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণটি তাদের ফেসবুকে প্রচার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সদর নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ঘটনাটি আমরাও শুনছি। পরে নাকি কারা মাইকটি খুলে নিয়ে গেছে।

১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এই দিনটি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন।

লাখো মুক্তিকামী মানুষের উপস্থিতিতে শেখ মুজিব বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ।’ বঙ্গবন্ধুর এই বলিষ্ঠ ঘোষণায় সেদিন বাঙালি জাতি পেয়ে যায় তাদের স্বাধীনতার দিকনির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।