দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বগুড়ায় বিএনপি নেতাকর্মীরা মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে। আতঙ্ক ছড়াতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায় তারা।
রোববার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের তিনমাথা তেলিপুকুরে ঝটিকা মিছিল করে তারা। পরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ এসে তাদেরকে হটিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে।
এদিকে সকাল ৭টার দিকে শহরের মাটিডালি নওদাপাড়া মহাসড়কে মিনিট দুয়েক স্লোগান দিয়ে স্থান ত্যাগ করে জামায়াতের নেতাকর্মীরা।
রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়েছে বিএনপির ডাকা দ্বিতীয়বারের অবরোধ কর্মসূচি। যা চলবে আগামী মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টায় পর্যন্ত। এ অবরোধে সমর্থন জানিয়ে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এ কর্মসূচি পালন করবে। এদিকে জামায়াতে ইসলামীও আলাদা করে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর প্রথম দফায় টানা তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল। এর একদিন আগে গত ২৯ অক্টোবর সারা দেশে সর্বাত্বক হরতাল পালন করে বিএনপি।





