কিশোরগঞ্জের পাকুন্দিয়ার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এগারসিন্দুর ইউনিয়নের চরখামা এলাকার কামালের ছেলে পলাশ (১৭) ও আসাদের ছেলে রিয়াদ (১৮)। স্থানীয়রা জানান, রোববার দুপুর ১২টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটি।
এতে গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলেই মারা যান পলাশ। রিয়াদকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো.মিনহাজ উদ্দিন দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।





