কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রবিবার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনালে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে, গত ২৬ নভেম্বর আদালত অবমাননার অভিযোগ তোলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
অভিযোগে প্রসিকিউটর গাজী তামীম বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ফজলুর রহমান বলেছেন, তিনি এই ট্রাইব্যুনাল মানেন না। তাঁর যুক্তি, এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য। এই ট্রাইব্যুনালে অন্য কোনো বিচার হতে পারে না।
অভিযোগে আরও বলা হয়েছে, একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন, এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।





