৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত কমিশন স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে পরীক্ষা নিতে আসনবিন্যাস প্রকাশ করেছিল পিএসসি। কিন্তু হরতাল-অবরোধে নিরাপত্তা শঙ্কায় পরীক্ষায় বসতে অনাগ্রহ দেখিয়ে আসছিলেন প্রার্থীরা। তবে পরীক্ষা নেওয়ার ব্যাপারে অনড় ছিল সংস্থাটি।
গত ১৯ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপিও দেন। একই দাবিতে পিএসসিতেও লিখিত আবেদন করেন তারা। গত মঙ্গলবার তাঁরা আবারও সিইসিকে লিখিত আবেদন দেন।
পরীক্ষার্থীদের আপত্তির পরেও গত বৃহস্পতিবার লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করে পিএসসি। তাতে ২৭ নভেম্বরই পরীক্ষা শুরু হওয়ার কথা জানানো হয়।





