Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে লেখা ‘ফিমেল’

admin • 03 Mar 2026, 09:32 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে লেখা ‘ফিমেল’

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরুর আগ মুহূর্তে ‘জেন্ডার’ ভুলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। ফলে পরীক্ষার প্রস্তুতি বাদ দিয়ে ভুল সংশোধন করতে কলেজ এবং শিক্ষা বোর্ডে ছুটতে হচ্ছে তাদের। প্রায় ৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে লেখা হয়েছে ‘ফিমেল’। ত্রুটিপূর্ণ সেই রেজিস্ট্রেশন কার্ড কলেজ থেকে পেয়ে এখন তারা দিশেহারা। তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, ভুল হওয়া রেজিস্ট্রেশন বিনামূল্যে সংশোধন করে দিচ্ছে তারা।

জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী জুন মাসের মধ্যে। এবার বরিশাল বোর্ডের অধীনে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। মূলত প্রথম বর্ষে ভর্তির ৬ মাস পর কলেজ কর্তৃপক্ষ তাদের রেজিস্ট্রেশন করে থাকে। এদিকে এইচএসসি পরীক্ষা শুরুর অন্তত একমাস পূর্বে প্রিন্ট দেওয়া হয় রেজিস্ট্রেশন। সেই অনুযায়ী গত দুদিন পূর্বে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ৮১ হাজার ৮৩১ পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করেছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এরই মধ্যে ৪ জেলার কলেজগুলোতে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়।

তবে ঝালকাঠিসহ দুটি জেলার রেজিস্ট্রেশন কার্ড বিতরণকালে ধরা পড়ে পরীক্ষার্থীদের জেন্ডার ত্রুটি। এরপর জানা যায় মোট পরীক্ষার্থীর ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীকে মহিলা বা ফিমেল পরীক্ষার্থী বানিয়ে দেওয়া হয়েছে। ভুল ধরা পড়ার পর শিক্ষার্থীরা ছুটছেন কলেজে আর কলেজ কর্তৃপক্ষ ছুটছেন বোর্ড কর্মকর্তাদের কাছে।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহিদুল ইসলাম বলেন, কম্পিউটার প্রোগ্রাম সেটিংসের কারণে এত বড় ভুলটা হয়েছে। কম্পিউটর অপারেটরের অসাবধানতার কারণে এমনটা হয়েছে। এজন্য তাকে শোকজ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষার আগেই ভুলটা ধরা পড়ায় এখন সমাধান করা সহজ হয়েছে। আমরা বিনামূল্যে রেজিস্ট্রেশনের ভুল সংশোধন করে দিচ্ছি। এখানে শিক্ষার্থীদের হয়রানির কোনো সুযোগ নেই। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলেই সমাধান হচ্ছে। গত রোববার থেকে অনেকগুলো রেজিস্ট্রেশন সংশোধন করে দেওয়া হয়েছে। তবে এটা বড় কোনো বিষয় নয় বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।