লালমনিরহাট সরকারি হাসপাতালে দুপুরের খাবার না পেয়ে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৩টায় স্থানীয়দের তোপের মুখে খাবার সংগ্রহ করে রোগীদের মাঝে বিতরণ করেন ঠিকাদারের লোকজন।
স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বলেন, প্রায়ই হাসপাতালে রোগীদের খাবার সময় মতো পরিবেশন করা হয় না। খাবারের মান খুব খারাপ। অনেক রোগী এসব খাবার খেতে না পেরে বাইরে থেকে খাবার কিনে এনে খায়। আবার অনেক সময় রোগীরা খাবারই পায় না। যতগুলো রোগী ভর্তি থাকেন, তাদের প্রত্যেককে খাবার দেয়ার নিয়ম থাকলেও অনেক সময় রোগীরা খাবার পায় না।
কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় খাবার দেয়ার কথা থাকলেও খাবার দেয়া হয় বিকাল ৩টায়। অনেক ভর্তি রোগী আবার সকালে খাবার পায়নি।
এ ব্যাপারে হাসপাতালের বাবুর্চি ফিরোজ আহমেদ বলেন, আজ ঠিকাদার বাজার করে দিতে বিলম্ব করায় রান্নার কাজ করতে দেরি হয়েছে। ফলে রোগীদের খাবার দিতে বিলম্ব হয়েছে।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিনা খাতুন বলেন, হাসপাতালের চতুর্থ তলায় ১১০ জন ভর্তি রোগীর মধ্যে ৮৪ জন রোগীর দুপুরের খাবার সময় মতো পায়। বাকী রোগীদের খাবার বিকেল ৩টার দিকে ঠিকাদারের লোকজন এসে দিয়ে যায়। কেন রোগীদের খাবার পরিবেশনে বিলম্ব হলো এ ব্যাপারে তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।





