দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) তিনি নিজের পদত্যাগপত্র সুপ্রিম কোর্টে জমা দেন, যা পরে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
এর আগে তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আবেদন করা হয়। এই অভিযোগ করেন শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক। আবেদনে অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয় এবং অভিযোগ প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ চাওয়া হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যক্রমে বিচারপতি রেজাউল হাসান পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী আদালতে উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক দেখানো হয়, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করেন।
আরেকটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা অভিযোগকারীর মতে ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থি।





