Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হরমুজ প্রণালি পাড়ি দিতে নোঙর তুলেছে বাংলার জয়যাত্রা

admin • 18 Apr 2026, 11:08 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হরমুজ প্রণালি পাড়ি দিতে নোঙর তুলেছে বাংলার জয়যাত্রা

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালি পাড়ি দিতে তৃতীয় দফায় নোঙর তুলেছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে জাহাজটি পারস্য উপসাগর থেকে রওয়ানা হয়। জাহাজটিতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক দেশের প্রথম সারির একটি জাতীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মাহমুদুল মালেক জানান, ‘বাংলার জয়যাত্রা’ বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে। শুক্রবার দিবাগত রাত ৩টায় জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে।

জাহাজটির ক্যাপ্টেন ওই গণমাধ্যমটিকে বলেন, ইরানি বাহিনীর কোনো নিষেধাজ্ঞা না থাকায় তারা হরমুজ প্রণালির পথে আছেন।

‘বাংলার জয়যাত্রা’ সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে যাত্রা করে। দ্বিতীয় দফায়ও অনুমতি না পেয়ে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি পারস্য উপসাগরে নোঙর করে ছিল। এবার নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যাওয়ায় জাহাজটি যাত্রা শুরু করেছে।

এর আগে শুক্রবার হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া ঘোষণা দেয় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি পুরোপুরি খোলা থাকবে।

 

আব্বাস আরাঘচি বলেন, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে সব ধরণের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ পুরোপুরি খোলা থাকবে। এক্স পোস্টে আরাঘচি আরও বলেন, যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে এই আন্তর্জাতিক জলপথ দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে।

তবে এই চলাচলের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে ইরান। ইসলামিক রিপাবলিক অব ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট বা পথ আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল এই নির্ধারিত পথ অনুসরণ করেই জাহাজগুলো যাতায়াত করতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।