Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৫৪

admin • 30 Aug 2024, 03:54 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৫৪

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যাকবলিত এলাকার প্রায় ৫৪ লাখ মানুষ।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বন্যা পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজারের ৬৪টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৪৮৬।

সিলেট, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, বন্যায় মৃত ৫৪ জনের মধ্যে পুরুষ ৪১, মহিলা ৬ ও শিশু ৭ জন। তাদের মধ্যে কুমিল্লায় ১৪, ফেনীতে ১৯, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষীপুরে ১ ও কক্সবাজারে ৩ ও মৌলভীবাজার ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়ের জন্য মোট ৩ হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪ লাখ ৬৯ হাজার ৬৮৭ জন লোককে আশ্রয় দেয়া হয়েছে। এছাড়া ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে রাখা হয়েছে।

এদিকে, বন্যায় ১১টি জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৫৬৭টি মেডিকেল টিম রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।