রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে জান্নাতুল আক্তার উষা (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেলে সোয়া ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জান্নাতুল খিলগাঁও নন্দীপাড়ার জাকির হোসেনের মেয়ে। স্বামীর সঙ্গে ওই এলাকায় ভাড়া থাকতেন তিনি।
নিহত গৃহবধূর স্বামী আমিনুর জানান, মাত্র চার মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করি আমরা। গত ৪-৫ দিন আগে জান্নাতুলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় আমার। এরপর সে রাগ করে মায়ের বাড়িতে চলে যায়। আজ দুপুরের দিকে আমি খবর পাই আমার স্ত্রী নাকি তার মায়ের বাড়িতে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে দ্রুত আমি সেখানে গিয়ে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায় আমার স্ত্রী আর বেঁচে নেই।
বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার উপ–পরিদর্শক (এসআই) শাহীন আলম। তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহীন আলম আরও জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি স্বামীর ওপর অভিমান করে ওই গৃহবধূ হয়তো এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





