Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীর পরকীয়ার বলি অন্তঃসত্ত্বা স্ত্রী

admin • 13 Nov 2024, 09:57 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্বামীর পরকীয়ার বলি অন্তঃসত্ত্বা স্ত্রী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রবিউলের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের এ ঘটনা ঘটে। 

 

নিহত পলি খাতুন আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ট্রাক চালক রবিউল ইসলামের স্ত্রী ও হারদী ইউনিয়নের গোপালদিয়াড় গ্রামের ফরিদউদ্দিনের মেয়ে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। সে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলত। এমনকি পলির সামনেও কথা বলত। এ নিয়ে রবিউলের সঙ্গে পলির প্রতিনিয়তই ঝগড়া হত। মঙ্গলবার সন্ধ্যার দিকেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল পলিকে ঘরের ভেতর মারধর করতে শুরু করে। ৬ মাসের অন্তঃসত্ত্বা পলি কান্নাকাটি করলে প্রতিবেশীরাও এগিয়ে যায়।

 

তখনই রবিউলের বাবা বলতে থাকেন পলি বিষ খেয়েছে। তাকে ডাক্তার শহিদুলের কাছেও নিয়ে যাওয়া হয়। তবে তার আগেই পলির মৃত্যু হয় বলে জানান ডাক্তার শহিদুল ইসলাম। খবর পেয়ে গোপালদিয়াড় গ্রাম থেকে ছুটে আসেন পলির বাবা-ভাইয়েরা। তারা হত্যা করা হয়েছে দাবি করে থানায় গিয়ে অভিযোগ করেন।

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রবিউল ও তার বাবা-মা ও ভাইসহ পরিবারের সবাই ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ পলির লাশ ময়নাতদন্তের জন্য রাতেই থানায় নিয়েছে।

থানার ওসি মাসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত করছে পুলিশ। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।