পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার সভাপতি ও একই বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রহিম।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে এস এম আব্দুর রহিম বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের অন্যতম প্রধান রক্ষাকবচ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও নির্মল পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা জরুরি।
তিনি তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব ও সবুজ সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।





