ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছুরিকাঘাতে স্ত্রীকে খুনের অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। বুধবার সকালে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে এ ঘটে।
নিহত রাবেয়া বেগম (৩০) ওই গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার সকালে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে হঠাৎ করেই নাজমুল তাঁর স্ত্রী রাবেয়া বেগমের বুকের বামপাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। আঘাতের পরপরই রাবেয়া মাটিতে লুটিয়ে পড়েন।
এরপর স্থানীয়রা রাবেয়ার চিৎকার শুনে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই মাস থেকে নাজমুল তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া–বিবাদ করছেন। মাঝে মাঝেই ছুরি ধার দিয়ে তাঁর স্ত্রীকে বলতেন, ছুরি দিয়ে আঘাত করে রাবেয়াকে মেরে ফেলবেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ‘নাজমুল হোসেন তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করার পর নিজেই থানায় এসেছেন। ঘটনা জানার পর তাঁকে আটক করা হয়েছে।’
ওসি বলেন, ‘এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’





