বর্তমান সরকারের উন্নয়ন ও স্বাধীনতা রক্ষায় আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় রাখতে অঙ্গীকারাবদ্ধ হয়ে ভোট চেয়ে সদ্য প্রত্যাহার হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদের ভুয়সী প্রশংসা করে ডায়নামিক বলে তার বক্তব্যের ভিডিও ভাইরাল কারীকে কুলাঙ্গার বলে আখ্যায়িত করেছেন জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম জামাল আব্দুন নাসের বাবুল।
রোববার(১৭ সেপ্টেম্বর) বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে তিন দিনব্যাপী “জাতীয় স্থানীয় সরকার দিবস”এর উন্নয়ন মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডিসি চলে যাওয়ায় তার মন খারাপ, কথা বলার মতো মানুষিকতাও নেই তার এ কথাও বলেন তিনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ছড়িয়ে পড়া ৮ মিনিট ৫১ সেকন্ডের ভিডিওর ২ মিনিট ৪১ সেকেন্ড থেকে ৪ মিনিট ৮ সেকেন্ড পর্যন্ত বক্তব্যে তিনি বলেন, ‘আমার মনটা একটু খারাপ, আমাদের জামালপুর বাসীর জন্য দুর্ভাগ্য। আমরা বহুদিন পরে একজন ডায়নামিক লোক পায়ছিলাম। জননেত্রী শেখ হাসিনার কল্যানেই পেয়েছিলাম। ইমরান আহমেদ ১ মাস ২৩ দিন দায়িত্ব পালন শেষে উনি চলে যাচ্ছেন। জানিনা আমাদের এই জামালপুর বাসীর মধ্যেই কোনো কুলাঙ্গার ছিলেন। যিনি একটা বক্তব্য-কে ভাইরাল করে দিয়ে জামালপুর বাসীর কপালে কুঠারাঘাত করেছেন। এই ভদ্রলোক যদি এই জামালপুরে উনার মেয়াদোত্তীর্ণ করতে পারতেন।
তাহলে, আমি বিশ্বাস করি এই জামালপুরের চেহারা যেটা আমি দেখছি। প্রত্যেকটা দপ্তরের সেবাই সহজ হতো, সহজলভ্য হতো। এবং এই যে পরিবেশ যেটা সেটা সুন্দর হত। তো আমরা সে মানুষটিকে রাখতে পারলাম না। মানুষটি চলে গেলেন প্রবাসী কল্যান মন্ত্রনালয়ে। উনি চলে গেলেন। যেখানেই যাবেন ওখানেই আলো ছড়াবেন। কিন্তু আমরা বঞ্চিত হলাম। এ জন্য আমার মনটাই খারাপ, আসলে কথা বলার মতো আমার মানুষিকতায় নাই। ’
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উন্নয়ন মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল সাংবাদিকদের জানান, ‘হ্যাঁ, যিনি ডিসি ইমরান আহমেদের বক্তব্য ভাইরাল করেছে, তিনি অবশ্যই কুলাঙ্গার। ডিসি ইমরান আহমেদ একজন সৎ লোক। এখনো তো জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কাজেই ডিসি সরকারের উন্নয়ন প্রচার করে সরকারের পক্ষে ভোট চাইতেই পারেন। এটা ডিসির দোষের কিছু নয়। তাঁকে প্রত্যাহার করায় আমরা উন্নয়ন থেকে বঞ্চিত।’
উল্লেখ, গত ১১ সেপ্টেম্বর বিকেলে জেলার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে নৌকায় ভোট চেয়ে বক্তব্য দিয়েছিলেন।
ডিসি ইমরান আহমেদ বলেছিলেন, ‘দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে। এটা হোক আমাদের প্রত্যেকের অঙ্গীকার।’ ডিসি আরও বলেছিলেন, ‘আপনারা এই সরকারের এত উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’
ডিসির ওই বক্তব্য পরদিন ১২ সেপ্টেম্বর ভাইরাল হলে ১৪ সেপ্টেম্বর জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়। এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক মো. শফিউর রহমানকে জামালপুরের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ করা হয়েছে।





