Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সুপার স্পেশালাইজড হাসপাতালে নির্মাণসামগ্রী চুরি

admin • 21 Apr 2026, 09:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সুপার স্পেশালাইজড হাসপাতালে নির্মাণসামগ্রী চুরি

রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধীনে পরিচালিত সুপার স্পেশালাইজড হাসপাতালে নির্মাণসামগ্রী চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে হাসপাতালের মূল্যবান নির্মাণসামগ্রী ‍লুট করে নিয়ে যায় একটি চক্র। অন্তত ছয়টি পিকআপ ভ্যানে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসপাতালটির পরিচালক ও ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী চুরির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এশিয়া পোস্টকে তিনি জানান, ‘ঘটনাটি জানার পর প্রশাসনকে নিয়ে বৈঠক হয়েছে। কারা করল, কী কী নিয়ে গেছে সবকিছু খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন-চার দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

এ ঘটনার সঙ্গে হাসপাতালের কর্মচারীদের কেউ যুক্ত থাকতে পারে বলেও ধারণা করছেন পরিচালক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার গভীর রাতে হাসপাতালের নিরাপত্তাবলয় ডিঙিয়ে কার্টনভর্তি সরঞ্জাম পিকআপে তোলা হয়। লুটপাটের একটি ভিডিও সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মালামালভর্তি একটি পিকআপের চালক বলছেন, এসব সামগ্রী গুলশান কাঁচাবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মালামাল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও গত বছরের ফেব্রুয়ারিতে হাসপাতালটিতে একই ধরনের মালামাল চুরির ঘটনা ঘটে।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় নির্মিত দেশের একমাত্র সরকারি সুপার স্পেশালাইজড হাসপাতালটি ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর উদ্বোধন হয়। তবে যাত্রার প্রায় পাঁচ বছরেও চিকিৎসকসহ অন্যান্য জনবল নিয়োগ নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনায় থমকে আছে প্রতিষ্ঠানটি। শুধু লোকবলের অভাবে শত শত কোটি টাকার মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি অচলাবস্থায় পড়ে আছে। যার অধিকাংশই এখন নষ্টের ঝুঁকিতে রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পরিচালক অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরেই জনবল নিয়োগ হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় তা থেমে যায়। চলতি বছরের জুলাইয়ের দিকে বড় একটি নিয়োগের কথা রয়েছে। সেটি হলে প্রতিষ্ঠানটি পূর্ণরূপে চালু করা যাবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।