Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

সুখবর পাচ্ছেন বন্ধ হওয়া পাটকল শ্রমিকরা

admin • 26 Nov 2022, 04:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সুখবর পাচ্ছেন বন্ধ হওয়া পাটকল শ্রমিকরা

উদ্বৃত্ত কর্মচারীদের আত্তীকরণে নতুন আইন করতে যাচ্ছে সরকার। ‘সরকারি কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের উদ্বৃত্ত কর্মচারী আত্তীকরণ আইন-২০২২’ নামে একটি খসড়া চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

 

আইনটি কার্যকর হলে বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল, দুই আঞ্চলিক কার্যালয় ও তিনটি প্রশিক্ষণ কেন্দ্রের ৯০০ কর্মকতা-কর্মচারীর চাকরি আত্তীকরণ করবে সরকার।

 

এসব কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন করপোরেশনে আত্তীকরণের পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে সুপারিশ করতে একটি টাস্কফোর্স গঠিত হয়েছে। এর পরামর্শেই জনপ্রশাসন মন্ত্রণালয় আইন তৈরিতে হাত দেয় বলে জানিয়েছে সচিবালয় সূত্র।

 

পাটকলগুলোর ব্যাপারে সমাধানে আসতে ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে সেগুলো পুরোপুরি বন্ধ ঘোষণার জন্য একই বছরের ৩০ জুন সারসংক্ষেপে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী পাটকলে কর্মরত শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে চাকরি অবসানের সিদ্ধান্ত অনুমোদিত হয়।

 

পরবর্তী সময়ে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) বন্ধ ঘোষিত ২৫টি পাটকল, দুটি আঞ্চলিক কার্যালয় ও তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ২ হাজার ৬৫৮ জনের মধ্যে ৩৫৯ জনের চাকরি সংরক্ষণ করা হয়।

   

বাকি ২ হাজার ২৯১ জনের মধ্যে ১ হাজার ৪০০ জনের চাকরি প্রাপ্য সুবিধাগুলো প্রদানের মাধ্যমে অবসানের সিদ্ধান্ত হয়। আর বাকি ৯০০ জনকে বিভিন্ন করপোরেশনে আত্তীকরণের পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে সুপারিশের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি টাস্কফোর্স গঠিত হয়।

 

পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১৪ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। একে ৩ মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়। এর ভিত্তিতেই আইনের খসড়া প্রস্তুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

   

কর্মকর্তারা জানান, খসড়াটি পরীক্ষা-নিরীক্ষার পর প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদনের জন্য পাঠানো হবে।

   

জানা গেছে, সাধারণ ও জীবন বীমা করপোরেশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ও বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনে গ্রেড-৩ থেকে ২০ গ্রেডে মোট ১ হাজার ১২৪ শূন্যপদ আছে। এ ছাড়া আরও কয়েকটি করপোরেশনে গ্রেড-৯ থেকে ২০ গ্রেডে ৪০৫টি পদের তথ্য সংগ্রহ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব পদেই আত্তীকরণ করা কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন হবে।

   

আইনের খসড়ায় বলা হয়েছে, কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীর পদ প্রশাসনিক পুনর্গঠন, জনবল যৌক্তিকীকরণ বা অন্যকোনো কারণে বিলুপ্ত হলে ক্ষেত্রমত, সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ, সংশ্লিষ্ট সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থা বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পদে কর্মরত কর্মচারীদেরও উদ্বৃত্ত ঘোষণা করতে পারবে।

   

মন্ত্রণালয়, বিভাগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে উদ্বৃত্ত ঘোষণা আদেশ জারির ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আত্তীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে হবে। এটি পাওয়ার পর যতদ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্মচারীকে আত্তীকরণ করতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

   

ওই কর্মচারীকে উদ্বৃত্ত হওয়ার আগের স্কেলের সম-স্কেলভুক্ত পদে আত্তীকরণ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে মনোনীত না হলে উদ্বৃত্ত কর্মচারীকে কোনো পদে আত্তীকরণ করা যাবে না। এ ক্ষেত্রে যোগ্য ও অভিজ্ঞ কর্মচারীরা অগ্রাধিকার পাবেন বলেও খসড়ায় বলা হয়েছে।

   

স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর অধীনে ৭০টি পাটকল ছিল। কিন্তু চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে লোকসানে পড়ে প্রতিষ্ঠানটি। একের পর এক বন্ধ হতে থাকে পাটকল।

 

সর্বশেষ ২৫টি পাটকলও ২০২০ সালের ১ জুলাই বন্ধ হয়ে যায়। বন্ধ ঘোষণা করে সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠার ৪৮ বছরের মধ্যে ৪৪ বছরই লোকসানে ছিল বিজেএমসি। বর্তমানে সংস্থাটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।