Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সিলেটের দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকসহ আহত ৩

admin • 08 Aug 2026, 01:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সিলেটের দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকসহ আহত ৩

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে ঘুরতে এসে হামলার শিকার হয়েছেন পর্যটকরা। এসময় পর্যটকদের রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সাংবাদিকসহ ৩ জন। পাথর লুটের অভিযোগে বরখাস্ত কোম্পানীগঞ্জের ইউপি সদস্য দুলাল মিয়া দুলার অনুসারীরা এ হামলা চালিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

  শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র থেকে ফেরার সময় এই হামলার শিকার হন পর্যটকরা। কবির আহমদ কালের কণ্ঠ সিলেটের মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে কর্মরত। আহত অন্য দুই পর্যটক হলেন সিয়াম আহমদ ও তাদের বহনকারী গাড়ির চালক মো. রবিন। তারা গাজীপুর থেকে সিলেটে ঘুরতে এসেছিলেন।   স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে গাজীপুর থেকে বেড়াতে আসা কয়েকজন পর্যটকদের বহনকারী গাড়িকে সন্ধ্যার দিকে পেছন থেকে একাধিকবার ধাক্কা দেয় একটি গাড়ি।
এসময় ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে পর্যটকদের বহনকারী গাড়ির চালক ও পর্যটকদের ওপর চড়াও হয় দুলালের অনুসারিরা। তাদের মধ্যে শুকুর আলী প্রথমে পর্যটকদের ওপর হামলা চালায়। পরে তার সঙ্গীরাও যোগ দেয়। এসময় পর্যটকদের রক্ষায় এগিয়ে যান কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদ। তাকে দেখতে পেয়েই দুলাল মিয়ার ছেলে ইকবাল হোসেন চিৎকার করে বলে উঠে কবির আমার বাপের বিরুদ্ধে নিউজ করেছে, এরে ধর।
এরপর তার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জনের দুর্বৃত্তের দল হামলা চালায় কবিরের উপর। তারা এলোপাতাড়ি তাকে ও পর্যটকদের মারধর করতে থাকে।

হামলায় সাংবাদিক কবির আহমদ গুরুতর আহত হন। তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

 

হামলাকারীরা সাংবাদিক কবিরের ব্যবহৃত একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ও একটি মোবাইল ভেঙ্গে ফেলে।

 

এদিকে হামলার ঘটনার সময় অদূরে ছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ। তিনি এগিয়ে এসে দুর্বৃত্তদের গাড়ি আটক করার চেষ্টা করলে তারা মব সৃষ্টি করে গাড়ি ছিনিয়ে নিয়ে যায়। মবের ঘটনার ভিডিও চিত্র কালের কণ্ঠের কাছে সংরক্ষিত আছে।

 

হামলার ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি। এসময় তিনি বলেন, ‘হামলার ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

 

পাথর লুটপাটে বহিস্কারের পরও দুলাল বেপরোয়া: ছাত্র জনতার আান্দোলনে ৫ আগস্টের পটপরিবর্তনের পর বেপরোয়া পাথর লুট শুরু করেন দুলাল আহমদ দুলা। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর  ওয়ার্ডের সদস্য হওয়ার সুযোগে প্রভাব খাটিয়ে সেই সময় দুলাল ও তার পরিবার তাদের অনুসারিদের নিয়ে দিনরাত পাথরলুট করতে থাকেন। পরে ২০২৫ সালের ১৪ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য জনাব মো. দুলাল মিয়া দুলা এর বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটের বিষয়ে অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক, সিলেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন; যেহেতু, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য জনাব মো: দুলাল মিয়া দুলা এর বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে; সেহেতু, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডেব সদস্য জনাব মো: দুলাল মিয়া দুলা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) ধারায় অপরাধ সংঘঠিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী উল্লিখিত সদস্য-কে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

 

এদিনই তাকে একই স্মারকে আরেকটি প্রজ্ঞাপনে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।

 

তার বহিস্কারের বিষয়টি তখন নিশ্চিত করেছিলেন তৎকালীন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। তবে বহিস্কারও ঠেকাতে পারেনি বেপরোয়া দুলালের দুর্বৃত্তায়ন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।