সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুঁইয়াগাতী বাজার থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মজনু সরকারকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃত মজনু রংপুর জেলার মিঠাপুকুর থানার তিলকপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ কোম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার বিএন) আবুল হাসেম সবুজ এসব তথ্য জানান।
তিনি জানান, দুপুর ১২টার দিকে র্যাব-১২ এর সদর কোম্পানি ও র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ভুঁইয়াগাতী বাজার এলাকায় একটি অভিযান চালায়। এ সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মজনু সরকারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছেন। তিনি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। তার নামে রংপুর জেলার মিঠাপুকুর থানায় আরো দুটি মামলা রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।





