সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে বাবা-ছেলে হত্যা মামলার ২৩ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ রাশেদ তালুকদার শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলো- উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের আজিজ প্রামানিক, মোরশেদ, জুয়েল, জীবন সরদার, নেগার সরদার, জালাল, শেখ ফরিদ, সুখ চাঁদ, আয়শা খাতুন, আকাশ মোল্লা, আশিক মোল্লা, কদম, হাশেম মোল্লা, সোহেল রানা, আলমগীর, আমজাদ মোল্লা, মিঠুন মোল্লা, আলম প্রামানিক, শাহ আলম মোল্লা, আশরাফুল ইসলাম, বাবু মোল্লা, আজিদ প্রামানিক ও শাজাহান আলী।
এর আগে গত ২৩ এপ্রিল উল্লাপাড়ায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষকলীগ নেতা জামাল উদ্দিন প্রামানিক নিহত হন।
এসময় নিহত জামাল উদ্দিন প্রামানিকের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামানিকসহ অন্তত ১০ জন আহত হয়। গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের ছেলে বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।





