Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ভবন মালিকসহ গ্রেপ্তার ৩

admin • 09 Mar 2023, 06:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ভবন মালিকসহ গ্রেপ্তার ৩

রাজধানীর সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় ভবনমালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, ওয়াহিদুর রহমান, মতিউর রহমান এবং ভবনের একটি দোকানমালিক আবদুল মোতালিব হোসেন ওরফে মিন্টু।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এ কথা জানানো হয়েছে।

এর আগে রাজধানীর সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিক, তত্ত্বাবধানকারী ও কয়েক দোকানিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপরই আজ ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও আবদুল মোতালিব হোসেন মিন্টুকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

ভবনটির মালিক রেজাউর রহমান নামের প্রয়াত এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর তার তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান মালিক হন। তাদের মধ্যে বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোট ভাই মতিউর রহমান ভবনটি পরিচালনা করেন। মেজ ভাই মশিউর রহমান লন্ডনপ্রবাসী।

গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

কুইন্স মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। এ বিস্ফোরণে আজ বৃহস্পতিবার পর্যন্ত ২২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।