Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাভারে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

admin • 12 Aug 2026, 11:59 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাভারে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান শুরুর পর বাসাটি ঘিরে রাখা হয়। বাসাটির মালিক আবদুল জলিল নামে এক ব্যক্তি। তিনি পক্ষাঘাতগ্রস্ত ও শয্যাশায়ী। তার মেয়েরা বাসাটির দেখাশোনা করেন।

পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে অংশ নেয় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। সাভার থানা পুলিশের সদস্যরাও ছিলেন।

অভিযানে আটক ব্যক্তির নাম মোহাম্মদ আরিফ হোসেন (২৮)। পুলিশের দাবি, সম্প্রতি রাজধানী ও আশেপাশের এলাকায় ঘটে যাওয়া একাধিক বোমা উদ্ধার ও জঙ্গি তৎপরতার সঙ্গে তার প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আবদুল জলিল নামে এক ব্যক্তির বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। রাত পৌনে ২টা পর্যন্ত পরিচালিত এই দীর্ঘ অভিযানে বাড়িটি থেকে পাঁচটি পাইপ বোমা, ককটেল এবং অতি দাহ্য ও বিপজ্জনক বিস্ফোরক টিএটিপি (ট্রাই এসিটোন ট্রাই পারঅক্সাইড)-সহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাড়ির মালিক আবদুল জলিলের মেয়ে ইলমা বলেন, ‘আব্বাস আলী নামের একজনসহ আরও একজন বাসা ভাড়া নিতে আসার পর ২ আগস্ট ভাড়া দেয়া হয়। তারা বলছিল স্বামী-স্ত্রী থাকবে। পাশের একটি স্কুলে বাচ্চাদের পড়াবে। নিজেকে প্রাইভেটকার চালক পরিচয় দেয়।’

সিটিটিসির কর্মকর্তাদের মতে, সাভারে উদ্ধারকৃত পাইপ বোমার ধরন ও উপাদানের সঙ্গে সম্প্রতি মতিঝিলে মেট্রোরেল স্টেশন, কেরানীগঞ্জের মাদরাসা এবং আশুলিয়ায় উদ্ধার হওয়া প্রেশার কুকার বোমার মিল রয়েছে।

আটক আরিফের বিরুদ্ধে সাভার মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামত এবং সার্বিক জঙ্গি তৎপরতা নিয়ে বিস্তারিত জানাতে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।

নাম প্রকাশ অনিচ্ছুক জাতীয় নিরাপত্তা গোয়েন্দার একজন সদস্য জানান, আটক ব্যক্তিকে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করা হচ্ছিল। সাভারের ওই বাড়িটিতে বিস্ফোরক দিয়ে বোমা তৈরির মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছিল বলেও জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, এনএসআইয়ের বিশেষ তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।