Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

admin • 12 Jul 2026, 01:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।

 

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ৫২'র ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সততা ও প্রজ্ঞার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকারের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি শিক্ষামন্ত্রী এবং ভূমি, পররাষ্ট্র ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও নিষ্ঠার সঙ্গে দেশসেবা করেছেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা এবং সংসদীয় সংস্কৃতির বিকাশে তার অনন্য অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও উল্লেখ করেন, এই বর্ষীয়ান নেতা আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। দলের দীর্ঘ সংগ্রাম ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো আদর্শচ্যুত হননি। বিশেষ করে বিগত দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তার সাহসিকতা ও দৃঢ় ভূমিকা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

 

তার মৃত্যুতে দেশ একজন দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারাল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আদর্শ, সততা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিশেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।