বগুড়ার ধুনটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) ওই আসামিকে ধুনট থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম আপেল মাহমুদ (২৬)। তিনি ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ছোনপচা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, চিকাশী ইউনিয়নের ছোনপচা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আপেল মাহমুদের সঙ্গে একই গ্রামের ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০২৩ সালের ৩ আগস্ট তারা বিয়ে করেন। কিন্তু সংসার জীবনে তাদের বনিবনা না হওয়ায় বিয়ের মাত্র ৯ দিন পর (১১ আগস্ট) তাদের তালাক হয়। কিন্তু এর কিছুদিন পর থেকেই আপেল মাহমুদ তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফোন করে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে আপেল।
এই ঘটনায় রোববার ওই তরুণী বাদী হয়ে আপেল মাহমুদের বিরুদ্ধে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ বলেন, ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পরই অভিযুক্ত আপেল মাহমুদক গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





