তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সংস্কার কমিশন। গুজব প্রতিরোধে গণমাধ্যমকে কাজ করার আহ্বানও জানান তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে, সচিবালয়ে তথ্য উপদেষ্টার সাথে দেখা করতে যান ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে গণোমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এ সময় তিনি বলেন, গণমাধ্যম কতটুকু স্বাধীনতা পেয়েছে, কি চ্যালেঞ্জ সামনে আছে এসব নিয়েই আলোচনা হয়েছে। সরকার গণমাধ্যমের স্বাধীনতা টেকসই করতে কাজ করছে বলেও জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশকে নিয়ে এখনও অপপ্রচার হচ্ছে। সংবাদমাধ্যমগুলোকে সঠিক তথ্য তুলে ধরে গুজব প্রতিরোধে কাজ করতে হবে।
তিনি আরও জানান, সরকার মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে। গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীনতা টেকসই করার জন্য কাজ করছে। এক্ষেত্রে সবার পরামর্শ নেয়া হবে। সাংবাদিকদের বেতন যথাসময়ে প্রদানে মালিকপক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি।





