আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের উপর হামলা মামলার প্রধান আসামি ইমরানের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চায় আসামি পক্ষ। পরে বিচারক মাহমুদা সুলতানা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী হিসেবে শুনানি করেন কুষ্টিয়া বারের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলাল। আর বাদী পক্ষের শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম ও মানবাধিকার আইনজীবী কামরুন্নাহার।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় পেশাগত কাজে বের হলে বাসার সামনে নিশান মোড়ে সাংবাদিক বেলালের উপর হামলা করে সন্ত্রাসীরা। ৭-৮ জন হামলাকারী ঘিরে ধরে ধারালো অস্ত্র, লাঠি দিয়ে বেলালের মাথায় আঘাত করে। মুল আসামি ইমরানের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন তিনি।
পরে একজন দোকানী ও কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে বেলালকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওই দিন রাতেই কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন বেলাল। এ মামলার অপর দুই আসামি গ্রেপ্তার হয়ে জামিনে রয়েছে।





