Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

admin • 07 May 2024, 05:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

সাকিব আল  হাসান নাহিদ, জামালপুর:

ভোটগ্রহণের একদিন আগে জামালাপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ মে) এই উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। মঙ্গলবার (৭ মে) বিকেল ৫টায় জামালপুরের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সরিষাবাড়ীতে নির্বাচন কমিশনের নির্দেশে আগামীকাল বুধবার (৮ মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সব পদের নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয়েছে। কমিশনের নির্দেশে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান নির্বাচন স্থগিত সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম ধাপে ৮ মে অনুষ্ঠিত সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম নির্বাচন আচরণ (বিধিমালা ১৮ এবং ৩১ এর বিধান) লঙ্ঘন করায় গত রোববার (৫ মে) বিধিমালার ৩৩ বিধান অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করে ইসি। এর বিরুদ্ধে রফিকুল ইসলাম রিট করলে উচ্চ আদালত গত সোমবার (৬ মে) তার প্রার্থিতা বহালের আদেশ দেন। এরপর ইসি উচ্চ আদালতের ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দ্বারস্থ হয়। ওই আদেশের প্রেক্ষিতে আপিল বিভাগ মঙ্গলবার (৭ মে) নো-অর্ডার প্রদান করেন। এ অবস্থায় সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে সব পদের ভোটগ্রহণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে জানানো হয়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এরমধ্যে চেয়ারম্যান পদে ছিলেন- রফিকুল ইসলাম (আনারস) ও তালেব উদ্দিন (দোয়াত কলম)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।