সরকারের ঘনিষ্ঠ কেউ তেল মজুত করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, তেলের দুই মাসের মজুত থাকার কথা। এক মাসের মধ্যে কীভাবে এত দুরবস্থা হয়? অবশ্যই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সরকার ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে দুই মাসের তেলের মজুত কমে আসার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন আসিফ মাহমুদ।
বিএনপিও গুম করতে চায় বলে মন্তব্য করেন এনসিপির মুখপাত্র। তিনি বলেন, গুম সংক্রান্ত অধ্যাদেশে সংশোধনী আনার প্রস্তাব করার মাধ্যমে বিএনপি এটা প্রমাণ করছে যে, তারাও গুম করতে চায়।
আসিফ মাহমুদ বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে বিএনপি গণতন্ত্রের ক্ষতি করছে। বিএনপি যাদের মেয়র পদে নির্বাচন করাবে, তাদের কি প্রশাসক হিসেবে বসিয়ে দিয়েছে? প্রশাসক পদে বসেই যদি তারা নির্বাচন করবেন, তাহলে অন্যরা নির্বাচন করে করবে কি?
বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। আমরা তখনই আপনাদের সঙ্গে আছি, যখন আপনারা জুলাই সনদের মাধ্যমে এগিয়ে যেতে চান। তা না হলে জনগণের কাতারে এসে সঠিক গতিপথ বেছে নেব আমরা।





