Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে উত্তাল জামালপুর, বিক্ষোভে নারীর মৃত্যু

admin • 06 Apr 2025, 10:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে উত্তাল জামালপুর, বিক্ষোভে নারীর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রতারক সমবায় সমিতির পরিচালকদের গ্রেফাতার ও আমানতের টাকা ফেরতের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, থানার সামনে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন প্রায় ৩৫ হাজার ভুক্তভোগী গ্রাহক।

রোববার (৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা কয়েক ঘণ্টা চলে এ কর্মসূচি। এতে পুরো শহরের যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়ে।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হন কয়েক হাজার ক্ষুব্ধ গ্রাহক। পরে অর্থ উদ্ধারের জন্য গঠিত ‘সহায়ক কমিটি’র ব্যানারে একটি ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়। একই সময় বিক্ষুব্ধ গ্রাহকরা জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
বিক্ষোভে অংশ নিতে বাড়ি থেকে রওনা হওয়ার সময় উপজেলার ছোট ভাংবাড়ী এলাকায় ফাতেমা বেগম (৫৫) নামে এক নারী গ্রাহক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিক্ষোভস্থলে গ্রাহকদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অর্থ উদ্ধারের সহায়ক কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু, উপজেলা বিএনপির সদস্য ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, সহায়ক কমিটির সদস্য সোনা মোল্লা, ভুক্তভোগী আসমা বেগম, লিয়াকত আলী, সাদ্দাম হোসেনসহ অনেকে।
তারা বলেন, “বিভিন্ন সমবায় সমিতির নামে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে। এ ঘটনার বিচার না হলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে সারা জেলা অচল করে দেওয়া হবে।”
বিক্ষোভকারীদের অবস্থানের কারণে মাদারগঞ্জ শহরের সঙ্গে জেলার যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। বাস, অটোরিকশা ও পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, “সমিতিগুলোর ভুক্তভোগী গ্রাহকেরা থানার সামনে অবস্থান নিয়েছেন। সড়কটিও তারা অবরোধ করেছেন। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য তাদের সঙ্গে আলোচনা চলছে।”

গ্রাহকেরা জানিয়েছেন, প্রতারকদের গ্রেপ্তার ও অর্থ ফেরতের ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।