Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সড়ক থেকে রেললাইনে উল্টে পড়েছে ট্রাক, ট্রেন চলাচল বন্ধ

admin • 18 Jun 2026, 11:32 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সড়ক থেকে রেললাইনে উল্টে পড়েছে ট্রাক, ট্রেন চলাচল বন্ধ

কুড়িগ্রামের রাজারহাটে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেললাইনের ওপর উল্টে পড়েছে। এতে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন কুড়িগ্রাম এক্সপ্রেসের ঢাকাগামী শত শত যাত্রী।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।

রেললাইন বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের বাস, অটোরিকশায় তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা গেছে। আকস্মিক এ পরিস্থিতিতে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে এবং দুর্ভোগের শিকার হতে হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় কুড়িগ্রাম এক্সপ্রেস। দুর্ঘটনার কারণে ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে আসতে পারেনি। দ্রুততম সময়ের মধ্যে লাইন থেকে ট্রাকটি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দুর্ঘটনার কারণে যাত্রীদের ভোগান্তি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনে রওনা দিই। আমার মতো শত শত যাত্রী চরম বিপাকে পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলমান রয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।