সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে ইমন মিয়া (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দাইকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন মিয়া জামালপুর জেলার উত্তর কালিকাপুর গ্রামের মো. জামেদ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ইমন মিয়া রাতের খাবার খেয়ে স্ত্রী ও তার শিশুসন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। মাঝ রাতে শব্দ শুনে হঠাৎ স্ত্রীর ঘুম ভেঙে গেলে দেখতে পান যে, তার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে স্ত্রী চিৎকার করলে আশপাশ থেকে লোকজন ছুটে এসে ইমনকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। নামানোর কিছুক্ষণের মধ্যেই রাত অনুমান ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
রায়গঞ্জ থানার এসআই অনুপ কুমার সরকার বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





