Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

শুক্র ও শনিবারের চাকরির পরীক্ষা স্থগিত

admin • 18 Jul 2024, 07:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শুক্র ও শনিবারের চাকরির পরীক্ষা স্থগিত

সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের জন্য ১৯ ও ২০ জুলাইয়ের একাধিক চাকরির পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার ও শনিবার (১৯ ও ২০ জুলাই) কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল; সেসব স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে প্রার্থীদের।

সূত্রের বরাত জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের শুক্রবারের (১৯ জুলাই) অনুষ্ঠেয় ২টি পদের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিন ‘সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর’ ও ‘কম্পিউটার অপারেটর’ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পদ দুটির লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে টেলিটকের এসএমএসের মাধ্যমে এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে প্রার্থীদের।

এদিকে শুক্রবার বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ঢাকার ‘কম্পিউটার অপারেটর’, ‘সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর’ ও ‘দপ্তরি’ পদের তিনটি লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এ তিনটি পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তিনটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়ে দেয়া হবে।

একইদিন বাংলাদেশ পর্যটন করপোরেশনের ৬টি পদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, যা স্থগিত করা হয়েছে। ‘সহকারী বাণিজ্যিক কর্মকর্তা’ ও ‘হিসাবরক্ষক’ এবং ‘সহকারী প্রকৌশলী’, ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’, ‘সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা’ ও ‘উপসহকারী প্রকৌশলী’ পদের লিখিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে এসএমএস এবং করপোরেশনের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি)-ও পরীক্ষা হওয়ার কথা ছিল শুক্রবার। ‘সহকারী’ জজ’ নিয়োগের সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রার্থীদের জন্য জানিয়ে দেয়া হবে।

এছাড়া বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির ‌‘সহকারী জেনারেল ম্যানেজার’ পদের অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ পরীক্ষার সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে। এদিন শ্রম অধিদপ্তরের মৌখিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আগামী ২৮ জুলাই ঢাকার বিজয়নগরের ১৯৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের শ্রম অধিদপ্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।