সিরাজগঞ্জের বেলকুচিতে তিন মাস বয়সী শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে মা মনিজা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন।
তিনি জানান, রোববার রাত থেকে হঠাৎ মনিজা খাতুন ও তার শিশু সন্তানকে খুঁজে পাচ্ছিল না স্বজনরা। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে সোমবার সকালে মাইকিং করেন তারা। পরবর্তীতে পৌর এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে মা মনিজা খাতুনকে পাওয়া যায়।
এরপর তার দেয়া তথ্য মতে পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা ইসহাক আলী বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে হত্যা বেলকুচি থানায় মামলা করেছেন। গ্রেপ্তার মনিজা খাতুনের মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





