Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শিশু আয়ানের মৃত্যু তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি আজ

admin • 28 Jan 2024, 09:32 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শিশু আয়ানের মৃত্যু তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি আজ

রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খাতনা করাতে গিয়ে করুণ মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদফতর। কমিটির প্রতিবেদন হাইকোর্টে দাখিলে সময় ছিল গত ২৫ জানুয়ারি। সেদিন না পাওয়ায় পরবর্তী আদেশের জন্য আজকের (২৮ জানুয়ারি) দিন ধার্য করেন আদালত।

 

এদিকে স্বাস্থ্য অধিদফতর বলছে, তারা তদন্ত প্রতিবেদন গত ২৫ জানুয়ারির আগেই আদালতের সংশ্লিষ্ট দফতরে জমা দিয়েছেন। এমন পরিস্থিতিতে আজকের ধার্য দিনে দাখিলের বিষয়টি কোর্টের নজরে আনবেন তারা।

সেই তদন্ত প্রতিবেদনের ওপর আজ শুনানি করা হবে বলে জানা গেছে। আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের আইন শাখার উপ-পরিচালক ডা. পরিমল কুমার পাল বলেন, গত বৃহস্পতিবারের (২৫ জানুয়ারি) আগেই আমরা তদন্ত প্রতিবেদন আদালতের সংশ্লিষ্ট দফতরে দাখিল করেছি। ধার্য তারিখ থাকায় রোববারও (২৮ জানুয়ারি) পরবর্তী আদেশের জন্য আমরা আদালতে যাব।

এছাড়া একই তদন্ত প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসান।

গত ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) আয়ানের মৃত্যুর কারণ সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন না পাওয়ায় পরবর্তী আদেশের তারিখ ২৮ জানুয়ারি নির্ধারণ করেছিলেন হাইকোর্ট। এর মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তদন্ত দাখিলের নির্দেশ দেন আদালত।

গত ৩১ ডিসেম্বর শিশু আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে খাতনা করায় সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে সাত দিন পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখার পর রোববার (৭ জানুয়ারি) মাঝরাতের দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলায় মৃত্যু হয়েছে শিশু আয়ানের। অনুমতি ছাড়া অতিরিক্ত অ্যানেস্থেশিয়া দেওয়ার পাশাপাশি সময় নষ্ট করে হাসপাতাল কর্তৃপক্ষ। তার চাচার অভিযোগ, আংশিক অচেতন করে খাতনা করানোর কথা থাকলেও চিকিৎসকরা আয়ানকে পুরোপুরি অজ্ঞান করেছিলেন।

৯ জানুয়ারি দুই চিকিৎসক অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. সাঈদ সাব্বির আহমেদ এবং ডা. তাসনুভা মাহজাবিনসহ প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেন আয়ানের বাবা শামীম আহমেদ। এ ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছিল স্বাস্থ্য অধিদফতর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।