রাজধানীর শান্তিনগরের চামেলীবাগের বাসায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী (১৩) আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। সে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শান্তিবাগের একটি সপ্তমতলা ভবনে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই স্কুলছাত্রীর বাড়ি লক্ষ্মীপুর সদরে। বর্তমানে সে শান্তিবাগের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত।
নিহত শিক্ষার্থীর বাবা জানান, তাঁর দুই মেয়ে, এক ছেলের। গতরাতে তিনি নামাজে ছিলাম। তখন তাঁর ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছিল। এ সময় তাদের মা বড় মেয়েকে বকাঝকা করেন। এতে তাঁর বড় মেয়ে অভিমান করে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। পরে বিষয়টি তাঁরা জানতে পেরে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁর মেয়েকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।





