Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

লুঙ্গি,টি-শার্ট পরে কারাগার থেকে বের হলেন মেয়র জাহাঙ্গীর

admin • 16 Nov 2023, 07:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
লুঙ্গি,টি-শার্ট পরে কারাগার থেকে বের হলেন মেয়র জাহাঙ্গীর

আদালত অবমাননার দায়ে এক মাস কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন দিনাজপুর পৌরসভার বরখাস্ত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। দিনাজপুর কারাগারের জেল সুপার নুরশেদ আহমেদ ভুইয়া এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় জাহাঙ্গীর আলম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

 

এরপর একটি মোটরসাইকেলে চড়ে চলে যান তিনি। টি-শার্ট ও লুঙ্গি পরে মোটরসাইকেলের পেছনে চড়ে জাহাঙ্গীরের কারাগার থেকে বের হওয়ার একটি ছবি ফেসবুকে পোস্ট করা হয়।

 

দিনাজপুর পৌরসভার তিনবারের মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ১৮ অক্টোবর উচ্চ আদালতের দেওয়া এক মাসের সাজা ভোগ করার জন্য পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।

 

পরে গত ৩১ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

 

উল্লেখ্য, গত ৩ আগস্ট বিএপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করেন জাহাঙ্গীর। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি চার আইনজীবী আপিল বিভাগের নজরে এনে আদালত অবমাননার আবেদন করেন।

   

আবেদনকারী চার আইনজীবী হলেন হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো. মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন।

   

এরপর গত ১৭ আগস্ট মেয়র জাহাঙ্গীরকে তলব করে আদেশ দেন আপিল বিভাগ। ২৪ আগস্ট সকাল ৯টায় তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে আদালত অবমাননার জন্য মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলেন আপিল বিভাগ। পাশাপাশি ওই ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়।

 

২৪ আগস্ট আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন জাহাঙ্গীর আলম।

 

ওই দিন আদালত ১২ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য দিন রেখে সকাল ৯টায় জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সে অনুসারে তিনি আদালতে হাজির ছিলেন।

   

১২ অক্টোবর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ তাঁকে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেন। এ ছাড়া সাত দিনের মধ্যে তাঁকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের আদেশ দেওয়া হয়।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।