লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধানের প্রার্থিতা বহাল রাখা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আতাউরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীর পক্ষে শুনানি করেন শাহ মঞ্জুরুল হক।
এর আগে গত ১৯ ডিসেম্বর আতাউরের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত ১৭ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। পরে সেটা বাতিল চেয়ে আবেদন করেন ওই আসনের নৌকার প্রার্থী মোতাহার হোসেন।
ইসির আপিল শুনানির তৃতীয় দিনে নামঞ্জুর হয় আতাউরের প্রার্থিতা। ১ শতাংশ ভোটারের সই নিয়ে জটিলতায় তার আবেদন নামঞ্জুর হয়।





