Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

লন্ডনের হোটেলে মদপানে মারা গেলেন সৌদি যুবরাজ

admin • 24 Jul 2026, 10:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
লন্ডনের হোটেলে মদপানে মারা গেলেন সৌদি যুবরাজ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মদ্যপান ও একাধিক মাদক গ্রহণের ফলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।

মৃত যুবরাজ প্রিন্স আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন জলাউই আল সৌদের বয়স ছিল ২৯ বছর। গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে জানা যায়, ১৯ নভেম্বর তিনি এক সপ্তাহের জন্য ওই হোটেলে ওঠেন। মৃত্যুর আগের রাতে সিসিটিভি ফুটেজে তাকে হোটেল থেকে বের হয়ে ধূমপান করতে এবং পরে একাই কক্ষে ফিরে যেতে দেখা যায়।

পরদিন সকালে হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী দরজা খুলে পঞ্চম তলার কক্ষের বাথরুমের মেঝেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে নিরাপত্তাকর্মী ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

ময়নাতদন্ত ও বিষবিদ্যা পরীক্ষায় দেখা যায়, তার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম, যা ইংল্যান্ডে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর আইনি সীমার প্রায় তিন গুণ। এছাড়া তার শরীরে গামা-হাইড্রোক্সিবিউটিরেট (জিএইচবি), গাঁজা, উদ্বেগ কমানোর ওষুধ অ্যালপ্রাজোলাম (জ্যানাক্স)সহ আরও কয়েকটি ওষুধের উপস্থিতি পাওয়া গেছে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তার শরীরে আগে থেকে কোনো গুরুতর শারীরিক জটিলতা ছিল না। অতিরিক্ত অ্যালকোহল ও একাধিক মাদক একসঙ্গে গ্রহণের ফলেই এই বিষক্রিয়া তৈরি হয়ে হৃদ্‌রোগে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।