জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় শীর্ষ নেতারা রোববার (২৭ জুলাই) জামালপুর সফরে আসছেন। দলটির ঘোষিত জুলাই মাসব্যাপী ‘পদযাত্রা কর্মসূচি’র অংশ হিসেবে তাঁরা এই সফরে অংশ নেবেন।
শনিবার (২৬ জুলাই) বিকেলে এ উপলক্ষে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার (২৭ জুলাই) রাত ৮টায় কেন্দ্রীয় নেতারা জামালপুর শহরের চামড়াগুদাম মাদ্রাসা, হযরত শাহ জামাল (রহ.)-এর মাজার এবং দয়াময়ী মন্দির পরিদর্শন করবেন। পরবর্তীতে শহরের হরিজন পল্লীতে আয়োজিত মতবিনিময় করবেন তাঁরা। রাতে জামালপুর শহরেই তাঁদের অবস্থান করার কথা রয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ৯টায় জামালপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় নেতারা। এরপর বেলা ১১টায় শহরে শুরু হবে এনসিপির পদযাত্রা। পদযাত্রা শেষে ফৌজদারী মোড়ে অনুষ্ঠিত হবে এক পথসভা।
পদযাত্রা ও পথসভায় অংশ নেবেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তানসিম জারা, নাহিদা সরওয়ার নিভা,মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ,মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক, মো. মোসাদ্দেকুর রহমান,
সংবাদ সম্মেলনে লুৎফর রহমান বলেন, "এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে জামালপুর জেলা কমিটি ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শহরজুড়ে মাইকিং, প্রচারণা ও গণসংযোগ চলছে। তরুণ নেতৃত্বের সক্রিয় উপস্থিতিতে শহরের ফয়লা ও আশপাশ এলাকায় বড় ধরনের গণজমায়েত হবে বলে আমরা আশাবাদী।"
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য, মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তি যুগ্ম আহ্বায়ক, মো. হিফজুর রহমান বকুল, কেন্দ্রীয় সংগঠক, মো. মোসাদ্দেকুর রহমান, এনসিপি জামালপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ফজলুর রহমান, ও শাহিদুর রহমান সম্রাট প্রমুখ।





