রাজধানীর শাহবাগ থানার বকশীবাজার মোড়ের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত বৃদ্ধার বয়স আনুমানিক ৬০ বছর। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মারুফা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই মারুফা খাতুন বলেন, ‘খবর পেয়ে বকশীবাজার মোড়ের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধা নারীকে উদ্ধার করি। পরে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।’
এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ওই নারীর নাম–পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তাঁর নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’





