রাজধানীর ওয়ারীতে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। শুক্রবার (১ মার্চ) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সূত্রাপুর থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
রাস্তায় যানজটের কারণে সিদ্দিকবাজার থেকে আরো ২টি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে৷ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করে৷ রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে৷ এ ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ জন।
যে ভবনে আগুন লেগেছিল সে ভবনে রেস্তোরাঁ করার অনুমোদন ছিল না বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শুক্রবার (১ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বরাত দিয়ে র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ভবনটিতে আটটি রেস্তোরাঁ, একটি জুস বার (ফলের রস বিক্রির দোকান) ও একটি চা-কফি বিক্রির দোকান ছিল। ছিল মুঠোফোন ও ইলেকট্রনিকস সরঞ্জাম এবং পোশাক বিক্রির দোকানও। ভবনে অনেক গ্যাস সিলিন্ডার থাকায় সেগুলো বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে যায়।
রাজউকের নগর পরিকল্পনাবিদ ও বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রকল্পের পরিচালক আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভবনটির এক থেকে সাততলা পর্যন্ত বাণিজ্যিক অনুমোদন নেয়া হয়েছে। তবে তা শুধু অফিসকক্ষ হিসেবে ব্যবহারের জন্য। রেস্তোরাঁ, শোরুম (বিক্রয়কেন্দ্র) বা অন্য কিছু করার জন্য অনুমোদন নেয়া হয়নি।





