Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে সাততলা থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

admin • 25 Apr 2024, 07:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে সাততলা থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর শাঁখারী বাজারের কৈলাস ঘোষ লেনে বাবার উপর অভিমান করে সাততলা ভবন থেকে লাফিয়ে পড়ে অর্পণ কর্মকার (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অর্পণ কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে তার স্বজনরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যায় সে।

জানা যায়, অর্পণ কর্মকার টাঙ্গাইলের নাগপুর উপজেলার দোয়াজানি গ্রামের দীপঙ্কর কর্মকারের ছেলে। বর্তমানে তারা ৬ নং কৈলাস ঘোষ লেনের বাড়িতে ভাড়া থাকতো। দুই বোন এক ভাইয়ের মাঝে অর্পণ ছিল মেঝ।

বাবা দীপঙ্কর কর্মকার বলেন, ‘আজ দুপুরের দিকে সামান্য বিষয় নিয়ে তাকে বকাঝকা দিয়েছিলাম। তাই আমার একমাত্র ছেলে অর্পণ অভিমান করে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলের দিকে মারা যায় অর্পণ’।

কান্না বিজড়িত কন্ঠে বাবা দীপঙ্কর বলেন, ‘আমি আগে যদি জানতাম তাহলে অর্পণকে কিছুতেই বকাঝকা দিতাম না। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের মরদেহ। বাবা অর্পণ তুই সেই বোঝা আমাকে দিয়ে গেলি’।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাখারি বাজারের কৈলাস ঘোষ লেন থেকে মুমূর্ষু অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আজ সাড়ে পাঁচটার দিকে মারা যায় সে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট আনা পুলিশকে জানিয়েছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।