রাজধানীতে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে ভবন থেকে পড়ে মো. ইউনুস মিয়া (৫০) নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। কামরাঙ্গীরচরের লবণ ফ্যাক্টরির গলিতে বুধবার রাতে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় ইউনুসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ইউনুস মিয়া বরিশালের আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরের লবণ ফ্যাক্টরি গলিতে ভাড়া থাকতেন তিনি। পেশায় তিনি প্রাইভেটকারের চালক ছিলেন।
ইউনুসের চাচাতো ভাই হুসাইন মিয়া বলেন, বাড়ির একতলার ছাদে বৈদ্যুতিক বাল্ব লাগাচ্ছিল ইউনুস। এ সময় সে অসতর্কভাবে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।





