Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে এক বাসে দুই দফা ডাকাতি, গ্রেপ্তার ৬

admin • 04 Mar 2023, 08:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে এক বাসে দুই দফা ডাকাতি, গ্রেপ্তার ৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের গোয়েন্দা (ডিবি) ক্যান্টনমেন্ট জোনাল টিমের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

শুক্রবার (৩ মার্চ) ঢাকার মিরপুর, গাবতলী ও সাভার থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।

 

তারা হলেন- ফখরুল কবির শান্ত (২৯), মো. মনির হোসেন (৩০), মো. ইমরান (২২), মো. মুজাহিদ বাবু (২৮), মো. রাজিব (২১) ও মো. সানি (২৬)।

 

শনিবার (৪ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ এ তথ্য জানান।

 

অভিযানে নেতৃত্ব দেওয়া ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল জানান, গত ১২ ফেব্রুয়ারি খুলনা থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকায় আসে। ট্রিপ শেষে রাতে রাজধানীর দারুস সালাম থানাধীন পর্বত সিনেমা হলের পাশের রাস্তায় বাসটি রেখে ভেতরে ঘুমিয়ে পড়েন চালক ও দুই সহযোগী। এরপর ৮-১০ জনের একটি দল গাড়িতে ঢুকে ঘটনাস্থলে গাড়ি পার্কিংয়ের কারণ জানতে চায়। এক পর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং তাঁদের হাত-পা বেঁধে বাসের পেছনের সিটে ফেলে রাখে।

 

তিনি আরও জানান, ডাকাত দলের নেতা শান্ত গাড়ি চালিয়ে কিছুদূর এসে তার সহযোগী ইমরানকে গাড়ি চালানোর নির্দেশ দেয়। এরপর নিজেরাই চালক, সহযোগী ও যাত্রী বেশে গাবতলী থেকে কাঁচপুর এবং সেখান থেকে সাভার ও চন্দ্রা পর্যন্ত ট্রিপ দেয়। এ সময় বেশ কয়েকজন যাত্রীকে বাসে তুলে মারধরের পর সর্বস্ব ছিনিয়ে হাত-পা বেঁধে রাখে। সারা রাত ডাকাতি করে ১৩ ফেব্রুয়ারি ভোরের দিকে সাভার থানার কবিরপুর এলাকায় বাসটি রেখে চলে যায়।

তিনি জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। ভুক্তভোগীদের বক্তব্য পর্যালোচনা এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকার মিরপুর, গাবতলী ও সাভার থানাধীন বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামিরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। যাত্রী বেশে বাসে চড়ে চালক ও সহযোগীকে জিম্মি করে ডাকাতি করতো তারা।

 

আসামিদের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় ডাকাতি মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।