Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত

যৌন হয়রানি রোধে সুপ্রিমকোর্টের কমিটি পুনর্গঠন

admin • 08 Nov 2023, 10:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যৌন হয়রানি রোধে সুপ্রিমকোর্টের কমিটি পুনর্গঠন

সুপ্রিমকোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ দিতে ২০২১ সালে গঠিত কমিটি পুনর্গঠন করা হয়েছে।

 

বুধবার (৮ নভেম্বর) এ কমিটি পুনর্গঠন সংক্রান্ত একটি স্মারক জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে। আর সদস্য হিসেবে রাখা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, সুপ্রিমকোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ও ফারজানা রহমানকে।

 

২০০৮ সালের ৭ আগস্ট কর্মস্থল এবং শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধের জন্য দিকনির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে একটি রিট আবেদন করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী।

 

শুনানি শেষে ২০০৯ সালের ১৪ মে রায় দেন তৎকালীন বিচারপতি (পরবর্তীতে প্রধান বিচারপতি) সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। এ রায়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন’সহ বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট।

 

২০০৯ সালের হাইকোর্টের রায়ের আলোকে ২০২১ সালের শেষের দিকে প্রথমবারের মতো এ সংক্রান্ত কমিটি গঠন করে সুপ্রিমকোর্ট প্রশাসন। সে সময় কমিটির সভাপতি করা হয়েছিল হাইকোর্ট বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথকে। পরবর্তী সময়ে আপিল বিভাগে নিয়োগ পাওয়া এই বিচারক গত বছরের সেপ্টেম্বরে অবসরে যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।