Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা,স্বামীর মৃত্যুদণ্ড

admin • 09 Jul 2026, 01:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা,স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি এক লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন আনোয়ার হোসেন। পরে ওই দিনই দেওয়ানগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড় ভাই মজনু মিয়া।

তিনি বলেন, বিভিন্ন সময়ে মামলার তদন্ত শেষে বাকি আসামিরা বাদ পড়ে। মামলার বিচারকালে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ, আলামত ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই আদেশ দেন।

ফজলুল হক আরও বলেন, মামলায় যৌতুকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। আসামি বর্তমানে পলাতক রয়েছেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।