রাজধানীর যাত্রাবাড়ীতে যুবলীগের মতবিনিময় সভায় ককটেল নিক্ষেপ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন। এছাড়া তিনজনকে আটক করেছে পুলিশ।
ককটেল বিস্ফোরণে আহত মো. শামীম আহমেদ ৫০নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের টনি টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, টনি টাওয়ারের সামনে যুবলীগের একটি মতবিনিময় সভা চলছিল। সেই সময় ছাত্রদলের একটি মিছিল এসে সভায় ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
তিনি আরো জানান, এ ঘটনায় যাত্রাবাড়ী থানার ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামীম আহমেদের পিঠে আঘাত লেগেছে। তবে তিনি শঙ্কামুক্ত।





