Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যশোরে সন্ত্রাসীদের হামলায় আহত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

admin • 18 Jan 2024, 11:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যশোরে সন্ত্রাসীদের হামলায় আহত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

যশোরে সন্ত্রাসীদের হাতে আহত মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৯ ডিসেম্বর সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এতে বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর দুই পা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল মালেকের ছেলে আমানউল্লাহ।

 

শহরের আরবপুর এলাকার আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান জানান, আইডিয়াল সিটি এলাকায় প্লট বিক্রি করাকে কেন্দ্র করে চাঁদা দাবি করেছিল স্থানীয় সন্ত্রাসীরা। কিন্তু সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেক চাঁদা দিতে অস্বীকৃতি জানান।

 

এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা প্লটে বসে নানা অপকর্ম করতো। এ ঘটনায় আব্দুল মালেক বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

 

সভাপতি মফিজুর রহমান আরও জানান, মামলার ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ ডিসেম্বর রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আব্দুল মালেককে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। টের পেয়ে স্থানীয়রা আব্দুল মালেককে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করে।

 

ঘটনার পরদিন আব্দুল মালেকের ছেলে আমানউল্লাহ বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘মৃত্যুর ঘটনা আমরাও জেনেছি। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। আমরা ইতিমধ্যে এ মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।