Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যশোরে ভাবীকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

admin • 30 Jun 2024, 09:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যশোরে ভাবীকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

যশোরের বাঘারপাড়ায় গৃহবধূ হত্যা মামলায় দেবর বিমান বাহিনীর সাবেক করপোরাল প্রভোস্ট মোহাম্মদ শাহবুদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর দুই আসামি তার স্বামী জুলফিকার আলী ও শাশুড়ি ফরিদা বেগমকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রোববার (৩০ জুন) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সুরাইয়া সাহাব এই আদেশ দেন।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মো. শাহাবুদ্দিন বাঘারপাড়া উপজেলার পান্তাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শাহাবুদ্দিন পলাতক রয়েছেন। বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন- বাঘারপাড়া উপজেলার পান্তাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও নিহত জিনিয়া ইয়াসমিন তুলির স্বামী জুলফিকার আলী ও শাশুড়ি ফরিদা বেগম।

এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আলতাফ হোসেন।

জানা যায়, ২০১৯ সালের ১৩ এপ্রিল সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার পান্তাপাড়া গ্রামের স্বামীর বাড়িতে জিনিয়া ইয়াসমিন তুলিকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে দেবর মো. শাহাবুদ্দিন ও তার সহযোগীরা। তাকে উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বাঘারপাড়া থানায় দেবর মো. শাহাবুদ্দিন ও শাশুড়ি ফরিদা বেগমকে আসামি করে মামলা করেন নিহতের বাবা ঝিকরগাছার মোবারকপুর গ্রামের শহিদুল ইসলাম।

২০১৯ সালের ২৮ আগস্ট নিহতের দেবর মো. শাহাবুদ্দিন, শাশুড়ি ফরিদা বেগম ও স্বামী জুলফিকার আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার (৩০ জুন) চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে।

এদিকে, এ রায়ে সন্তুষ্ট না মামলার বাদীপক্ষ। নিহত তুলির ভাই নূর আলম জানান, জুলফিকার আলী ও তার মা সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত। চার্জশিটে বিষয়টি স্পষ্ট করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই দুই আসামির শাস্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে যাবেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।