সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জামালপুরের মেলান্দহ উপজেলায় ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কান ও রচনা প্রতিযোগীতা, ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের শীর্ষক আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দোয়া ও প্রার্থনা সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচী সূচনা করা হয়। পরে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্বাধীনতার স্মারক স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সামাজিক এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মুহাম্মদ রফিকুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলীসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা সহ এদিন হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সুবিধা জনক সময়ে মসজিদ, মন্দিরে বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়।





